Friday, June 13, 2025

কাশীনাথ ভট্টাচার্য / ফুটবলের ইকোসিস্টেম পাল্টে দেওয়ার ইতিহাস

 

মাত্র তিন বছর একসঙ্গে ছিলেন মেসি ও রোনালদো। ঠিক একসঙ্গে নয়, একই ছাতার তলায় — নাইকি!‌‌

অ্যাডিডাস উঠে এসেছিল বহু বছর আগে। জনৈক জার্মান অ্যাডলফ অ্যাডি ড্যাসলারের নেতৃত্বে, বাভারিয়ার হেরজোগেনাউরাখ শহরে। অ্যাডির ভাই ছিলেন রুডলফ। ১৯৪৮ সালে তাঁদের মনে হয়েছিল, আলাদা হওয়া জরুরি। ভাই অ্যাডির সঙ্গে টক্কর দিতে রুডলফ তখন খুলেছিলেন ‘‌পিউমা’। দুই সংস্থার লড়াইয়ে এগিয়ে গিয়েছিল অ্যাডিডাস, ১৯৫৪ বিশ্বকাপ ফাইনালে পশ্চিম জার্মানি দলকে এমন বুট দিয়ে যার স্টাডগুলো আলাদা করা যেত। সেই ফাইনালে হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাসদের বিরুদ্ধে বৃষ্টিস্নাত মাঠে বিরতিতে জার্মান কোচ হারবার্জার বলেছিলেন অ্যাডিকে, ‘‌স্ক্রু দেম ইন!‌’‌‌ বিশ্ব ফুটবলে বুটের ইতিহাস বদলে গিয়েছিল তারপর।

নয়ের দশকের মাঝামাঝি উত্থান নাইকি–‌র, ফুটবলেও। আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রথমবার বিশ্বকাপের পর থেকে নাইকির কর্তাদের ভাবনায় ঢুকে পড়েছিল ফুটবলও। অ্যাডিডাস–‌পিউমার দ্বৈরথে জমি খুঁজছিল যদিও। নতুন সহস্রাব্দে তাদের হাতে এসেছিলেন দুই তরুণ। পর্তুগিজ ক্রিস্তিয়ানো ও আর্জেন্তিনীয় লিওনেল। ২০০৩ সালে ক্রিস্তিয়ানো তখন ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন সদ্য, এফসি বার্সেলোনায় ঠিক নয়, লা মাসিয়ায় এসে পৌঁছেছেন মেসিও। দুটি ক্লাবের সঙ্গেই যুক্ত ছিল নাইকি। দুই কিশোর — ক্রিস্তিয়ানো তখন ১৮, লিওর ১৬ — সই করে ফেলেছিলেন নাইকির সঙ্গে চুক্তিতে। হ্যাঁ, রজার ফেডেরার আর রাফায়েল নাদালের মতো, নাইকির মালিকানা ছিল ফুটবলে ভবিষ্যতের দুই ‘‌গোট’–‌এর, ‘‌গ্রেটেস্ট অফ অল টাইম‌’‌।

ছোট্ট একটা ভুলে ২০০৬ সালে নাইকি হারায় মেসিকে। বাবা হোরখে কিছু বুট এবং সরঞ্জাম চেয়ে পাঠিয়েছিলেন। নাইকির দায়িত্বে–‌থাকা কর্তারা আমল দেননি। সেই সময় মেসির চুপচাপ স্বভাব নিয়ে খুব একটা খুশি ছিলেন না কর্তারা। কথা বলেই না বিশেষ, আগ্রাসন নেই, ভবিষ্যতে আগল খুলে বেরবে কিনা সন্দিহান। বাবা–‌মেসি অবশ্য সুযোগ হাতছাড়া করেননি। ‘‌ঠিক আছে, নাইকিই তো একমাত্র সংস্থা নয় যারা উঠতিদের স্পনসর করে’‌ ভেবে অ্যাডিডাস শিবিরে যোগাযোগ এবং মেসি গত প্রায় ১৯ বছরে এখন অ্যাডিডাসের ‘‌আজীবন’‌ সদস্য, ঠিক যেমন ক্রিস্তিয়ানো নাইকির। ফুটবলের কোক বনাম পেপসি লড়াই!

দুই সাংবাদিক আমেরিকা যুক্তরাষ্ট্রের। জোশুয়া রবিনসন ও জোনাথন ক্লেগ, ওয়াল স্ট্রিট জার্নালে লেখেন, প্রধানত ইউরোপীয় ফুটবল নিয়ে। ‘‌মেসি ভার্সেস রোনালদো‌’‌ তাঁদের কথা যা বইয়ের আকার পেয়েছে হারপার কলিন্সকে প্রকাশক হিসাবে পেয়ে। ৩০৮ পাতা, ভারতীয় মুদ্রায় মাত্র ৫৯৯ টাকায় এমন বই যা দুই ‘গ্রেটেস্ট অফ অল টাইম’ ফুটবলারের উত্তরণের ইতিহাস শোনায় নিষ্ঠাভরে।

গবেষণার অর্থ, বাংলা প্রকাশনা জগৎ এখন মনে করে, পুরনো পত্রপত্রিকা বা দৈনিক সংবাদপত্র থেকে ‘‌টোকাটুকি‌’‌। ‘‌মেসি ভার্সেস রোনালদো‌’‌ যদি ভুল করে তাদের হাতে কখনও পড়ে যায়, টোকাটুকির ‘‌রিসার্চ’–‌এর ভূত মাথা থেকে বেরিয়ে হয়ত পৌঁছে যাবেন তাঁরাও, সেই‌ উত্তরণের রাস্তায়!‌

মেসি-রোনালদো মানে আজকের ট্রোলিং (অ)সভ্যতা! কার কত গোল, কত অ্যাসিস্ট, ক’টা পেনাল্টি গোল, ‘কম্পিটিটিভ’ আর ‘ফ্রেন্ডলি’ ম্যাচ ইত্যাদি নানারকমের প্যারামিটার ধরে কার ভক্তরা অন্য শিবিরকে টেনে নামাতে পারেন তার প্রতিযোগিতা সমাজমাধ্যমে। নীচতায় গা-ঘিনঘিনে। তখনই হাতে এসে পড়ে ‘মেসি ভার্সেস রোনালদো’।

দুই লেখক ভূমিকায় যথার্থ বলেছেন, ‘দুই ফুটবল জিনিয়াস একই সময়ে খেলে কী করে খেলার দুনিয়াটাকেই বদলে দিলেন দ্রুত, তারই উপাখ্যান মেসি ভার্সেস রোনাল্ডো। দুজনে শুধুই সেই প্রিজম নয় যার মধ্যে দিয়ে আধুনিক ফুটবল বোঝার চেষ্টা করবেন, মাত্র তিন ডজনবার পরস্পরের মুখোমুখি হয়েই তাঁরা ক্রীড়াবিশ্বের ব্যবসা এবং সংস্কৃতির ইকোসিস্টেমকে যেভাবে প্রভাবিত করলেন, নিজেরা বিন্দুমাত্র না-জেনে এবং না-বুঝেই, সেই প্রক্রিয়াটাকেই বোঝার চেষ্টা।’

বোঝার এবং বোঝানোর সেই চেষ্টায় সামিল হয়েছেন দুই সেরার  ক্লাব ও দেশের সতীর্থরা যেমন, কর্তারাও, যাঁরা তাঁদের নিয়েছেন, আদর করে সর্বোচ্চ অঙ্ক দিয়ে রেখেছেন দলে বা বেচেও দিয়েছেন সময়–‌সুযোগ–‌অর্থ পেয়ে। ফুটবল-বিশ্ব কীভাবে তাঁদের হাত ধরে আর্থিক চাপানউতোর-এ শেষ পর্যন্ত পরের প্রজন্মের কাছে খুলে দিয়েছে আরও বেশি রোজগারের রাস্তাটা, ‘শুধুই আরও আরও ভাল খেলে’, সেই যাত্রাপথের মনোরম ধারাভাষ্যও এই বই। আর আছে দুজনের দুই ‘হোরখে’ নামক এজেন্ট-এর গল্প। এক হোরখে মেসির বাবা, অন্যজন মেনদেস, পর্তুগালে যিনি এক সাধারণ ব্যবসায়ী থেকে হয়ে উঠেছেন ফুটবল-বিশ্বে বিরাট নাম, তাঁর ক্লায়েন্ট-এর মতোই। 

‘মারাদোনার থেকে ভাল হবে কিনা জানি না, তবে, লম্বা হবে, নিশ্চিত!’

বক্তা দিয়েগো সোয়ারজস্টেইন। পদবি থেকে পরিচয়ের উৎসসন্ধানে গেলে জার্মানি খুঁজে পেতেই পারেন। আর্জেন্তিনায় যা স্বাভাবিক। ইতালীয় বংশোদ্ভুত সবচেয়ে বেশি। স্পেন, জার্মানি, ইংল্যান্ড ইত্যাদি ইউরোপীয় দেশ থেকেও বহু মানুষ গিয়েছিলেন। তাঁদের উত্তরসূরিরা এখন স্থায়ী বাসিন্দা। জার্মান পূর্বপুরুষ যাঁর, সেই সোয়ারজস্টেইন ছিলেন চিকিৎসক। নিওয়েলস ওল্ড বয়েজ-এর ভক্ত সেই চিকিৎসকের নিদান ছিল এগার বছর বয়সী লিওনেলের জন্য, ‘গ্রোথ হর্মোন’ চিকিৎসা। জার্মান সেই নিদান মেনেই আজ সেই আর্জেন্তিনীয় বিশ্বসেরা!

চিকিৎসার খরচ বহন করতে আর্জেন্তিনীয় ক্লাবগুলো অরাজি। বার্সেলোনায় ভবিষ্যৎ-সন্ধানে গিয়ে ১১ দিন অপেক্ষার পর কার্লোস রেক্সাচ নামের সেই জহুরির সামনে নিজেকে মেলে ধরার সুযোগ এবং আপ্লুত রেক্সাচের সময় নষ্ট না করে লিওনেলকে কাগজের ন্যাপকিনে সই করিয়ে নেওয়ার গল্প বহুশ্রুত।

কিন্তু, ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্তিয়ানো রোনালদোর সইপর্ব এবং তার প্রেক্ষাপট?

ঘটনা তার এক বছর আগের। হোর্খে মেন্দেজ ‘এজেন্ট’ হিসাবেও অনভিজ্ঞ। পর্তুগিজ হোরখের সঙ্গে কথা হয়েছিল কার্লোস কুইরোজের। রিয়াল ভায়াদোলিদ থেকে রিকার্দো নামের গোলরক্ষককে ওল্ড ট্র্যাফোর্ডে পাঠাবেন, আশায় ম্যানচেস্টারে হাজির হওয়ার কথা, ইউরোপীয় অন্য এজেন্টদের সঙ্গে। যে দিন ম্যানচেস্টারে যাওয়ার কথা, আগের রাতে মাদ্রিদ থেকে পোর্তোয় ফিরছিলেন হোরখে। গাড়িতে সবান্ধবী। রাস্তায় হোরখের গাড়ির সামনে একটি ট্রাকের অ্যাক্সেল ভেঙে যায় হঠাৎ। সোজা ধাক্কা এড়াতে চেষ্টা করেছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা মারার আগে গাড়ি ততক্ষণে নব্বই ডিগ্রি ঘুরে গিয়েছিল। উদ্ধার করা হয়েছিল দুজনকেই। হোরখেকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ডাক্তারদের বলেছিলেন, ‘সময় নেই, আমাকে ছেড়ে দিন, পরে ফিরে বলব’, জানিয়ে বিস্মিত ডাক্তারদের সামনে থেকে প্রায় দৌড়ে সামনের ফার্মেসিতে গিয়ে গজ কিনে কানে চাপিয়ে সোজা বিমানবন্দর। দামী সুটে রক্তের ফোঁটা যদিও তাঁর বিমানযাত্রার অন্তরায় হয়নি!

সেবার প্রথম দেখা অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে। কথা বিশেষ হয়ইনি। পরেরবার হোরখে অবশ্য আত্মবিশ্বাসে ঝলমলে। ফার্গুসনকে বলেছিলেন, ‘রোনালদোকে দিতে পারি, তবে ফিফটি পারসেন্ট প্লেয়িং টাইমের নিশ্চয়তা দিতে হবে।’ স্কটিশ ফার্গুসনের চোয়াল শক্ত, মুখ আরও লাল। বলা হয়, এজেন্টদের সঙ্গে দরাদরির সময় নাকি ফার্জি রবিবারের পর সোমবার হবে সেটাও মানতে চাইতেন না! এখানে দাবি তো পঞ্চাশ শতাংশ খেলার সময়! ম্যানচেস্টার ইউনাইটেড বছরে গড়ে ৫৫ ম্যাচ খেলে। মানে ৯০ মিনিটের হিসাবে ২৭-২৮ ম্যাচ পুরো খেলানো? তা-ও আবার আনকোরা ছেলেকে যে সবে একটাই বছর পেশাদার ফুটবলে খেলেছে?

ফার্জি জানিয়েছিলেন, ‘প্রিমিয়ার লিগে ছ’টা ম্যাচে শুরু করবে, ব্যস।’ অর্থাৎ, ছ’টা ম্যাচে ৯০ মিনিট খেলবে, এই নিশ্চয়তাও দেননি! গাম্ভীর্য বলে দিয়েছিল, হোর্খের সামনে একটাই অপশন। ‘হয় মেনে নাও নয় থ্যাঙ্কিউ!’ পর্তুগিজ সেই এজেন্ট মেনে নিয়েছিলেন। প্রিমিয়ার লিগে ছয় ম্যাচ মানে মাদেইরার সেই তরুণের সামনে তখন নতুন বিশ্বের দরজা খুলে যাওয়া। নিমরাজি হয়েই সই। এমন আরও গল্প পাতায়পাতায়। আসলে যেগুলো গল্পের মতো হলেও সত্যি। পড়তে পড়তে টুইটার-হোয়াটস্যাপের কালিমার পাঁক থেকে পাঠক উঠে আসবেন পবিত্র-স্নানে!

বইয়ের সমস্যা একটাই। ইউরোপীয় ফুটবল জগৎ থেকে বহু দূরে বসবাসের কারণে কলকাতায় বইটি হাতে এসে পৌঁছয় ২০২৩-এর শুরুতে, কাতার বিশ্বকাপে মেসি চ্যাম্পিয়ন এবং রোনালদো সৌদি আরবের ক্লাবে সই করে ফেলার পর। যেহেতু বই লেখা হয়েছিল কাতার বিশ্বকাপের আগে, মেসির সর্বোচ্চ সাফল্য এবং রোনালদোর ক্লাব ও দেশের প্রথম এগারয় জায়গা না-পাওয়ার করুণ ইতিহাস এই বইয়ের অংশ হতে পারেনি। অদূর ভবিষ্যতে আরও একটি অধ্যায় জুড়বে তাই, নিশ্চিত। না-হলে এই বই যে অসম্পূর্ণ!

 

মেসি ভার্সেস রোনালদো

লিখেছেন – জোশুয়া রবিনসন ও জোনাথন ক্লেগ

হারপার কলিন্স, নিউ ইয়র্ক

দাম – ৫৯৯ টাকা

প্রকাশিত - খেলা, এপ্রিল ২০২৩

*বর্ধিত এবং বানান পরিবর্তিত

 

Monday, June 9, 2025

‌কাশীনাথ ভট্টাচার্য /‌ ক্রিস্তিয়ানো যদি লিখতেন লামিনেকে.‌.‌.‌


প্রিয় লামিনে,

তোর জন্মের আগে আমার ইউরোর ফাইনাল খেলা হয়ে গিয়েছিল, বিশ্বকাপেও খেলেছিলাম। ছেলে ক্রিস্তিয়ানো জুনিয়রের চেয়ে মাত্রই তিন বছরের বড় তুই। তাই তুই–‌ই বলছি। জানি, মনে করবি না কিছু। এইটুকু অধিকার অন্তত এই চল্লিশ বছরের লোকটার আছে, তাই না?‌

নেশনস লিগের ফাইনালে প্রথম খেললাম তোর বিরুদ্ধে। লোকে কত কিছু বলছিল। লাগিয়ে দিতে চেয়েছিল মিডিয়াও। নেশনস লিগ ফাইনাল নাকি তোর আর আমার মধ্যে!‌ সারা জীবন শুনে এলাম এমন। ফুটবল যে দলগত খেলা, মিডিয়া বোঝে না। তাই এভাবে লড়িয়ে দিতে চায়। তোর নামের আদ্যক্ষর দিয়ে যার নাম, সেই লিওনেলকে বিপক্ষে পেলে তো আর কথাই নেই! কত ম্যাচ খেলেছি পরস্পরের বিরুদ্ধে। হারজিৎ আছে, থাকবেও। কিন্তু মিডিয়া আমাদের যুদ্ধ‌ লাগিয়েও বসে থাকেনি। মাথা খুঁড়ে কী সব আজগুবি তথ্য বের করেছে, আর এমনভাবে তুলে ধরেছে আমাদের মন্তব্যগুলো, মনে হবে যেন একে অপরের সবচেয়ে বড় শত্রু!‌

এত বছরের অভিজ্ঞতা এবং তোর বাবার বয়সী হওয়ায় পরামর্শ দিতেই পারি — এই তুলনাগুলো নিয়ে কখনও মাথা ঘামাবি না। ওদের, মানে মিডিয়ার, জায়গাটা আমাদের ফুটবলারদের সাজঘরের বাইরে তো বটেই, মাঠেরই বাইরে। কাচ দিয়ে ঘেরা শীতাতপ নিয়ন্ত্রিত বক্সে বসে ওদের কাজ। করে যেতে দে। তুই থাক তোর ফুটবল নিয়ে।

আসলে, রবিবার রাতে খেলা শেষে তোর উদাস চাউনি বড্ড মনখারাপ করে দিয়েছিল। সবাই জানে আমি কেঁদে ফেলি সহজেই। বহুবার কেঁদেছি হেরে গিয়ে, এমনকি হারের সম্ভাবনাতেও। তুই কিন্তু মহাদেশীয় ফাইনাল হেরেও কাঁদিসনি। চোখদুটো তোর বড় মায়াভরা। এক–‌আকাশ দৃষ্টি নিয়ে তাকাস। ওই যে ডানদিক থেকে কাট করে ভেতরে ঢুকে আসিস, বড় বক্সের মাথা থেকে কখনও জোরালো সোয়ার্ভিং শট নিস, বা কখনও আউটস্টেপ দিয়ে দূরের পোস্টে উঁচু করে বল ফেলিস — দেখেছি সব। চোখদুটো আরও চকচক করে ওঠে তখন। বয়স কম, এখনও তো কিশোরই। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার বয়সও হয়নি। উৎসাহ বেশি থাকাটাই স্বাভাবিক, তোর আছেও। কিন্তু সেই চোখদুটোই দেখেছিলাম ফাইনালের পর ব্যথাতুর। একটা কথাও বলিসনি, কিন্তু কত কিছু লেখা ছিল ওই চোখে। তোর হতাশা, তোর বিষাদ। কী মায়ায় যে জড়িয়ে ফেললি!‌


আমার প্রথম বড় ফাইনাল ইউরোয়, ২০০৪ সালে। লিসবন, আমার দেশেই, এস্তাদিও দা লুজ স্টেডিয়ামে। তখন সবে উনিশ পেরিয়েছি। তুই জানিস না, কী টিম ছিল সেবার আমাদের। লুইস ফিগো ক্যাপ্টেন, রুই কোস্তা মাঠে আসত পরিবর্ত হিসাবে, রিকার্দো কার্ভালিও, পাউলেতা, দেকো। কোচ ছিলেন ফেলিপে স্কোলারি, আমরা যাঁকে ফেলিপাও বলতাম। নিজেদের দেশে ফাইনাল, সামনে গ্রিস, জিতব ভেবে নিয়েছিলাম সবাই। দেশকে প্রথম বড় ট্রফি দেব, দেশের মাটিতেই, আত্মবিশ্বাসে চনমনে দল। অথচ, ম্যাচটা ০–‌১ হেরে গিয়েছিলাম। ৫৭ মিনিটে গোল খেয়ে আমরা শোধ দিতে পারিনি। ম্যাচের শেষে কান্নায় ভেঙে পড়েছিলাম মাঠেই। এখনও ভাবলে চোখে জল আসে। আটকাতে পারি না, এত বছর পরও।

তাই তোকে দেখে ভাল লেগেছিল। একবারও চোখ মুছলি না, দু–‌হাতে চোখ ঢাকলিও না। ক্যামেরার দিকে না–‌তাকালেও দৃষ্টিতে কাঠিন্য আর উদাসীনতা মিলেমিশে। বুক–‌খালি করে দেওয়া চাউনি। রিজার্ভ বেঞ্চে বসে–‌থাকার সময় তোদের ওই জোব্বার মতো জ্যাকেটটা জড়িয়েই হাঁটছিলি মাঠে। হাত মেলাচ্ছিলি আমাদের সঙ্গে, তোদের ফুটবলারদের সঙ্গেও। কিন্তু প্রাণ ছিল না। যেন পাথর হয়ে গিয়েছিলি। শরীরটা নড়ছিল, মন ছিলই না আর অ্যালিয়াঞ্জ এরিনায়। আলবারোর (‌মোরাতা)‌ পেনাল্টি মিসের পর থেকেই তুই তখন অন্য জগতের বাসিন্দা।

কষ্টটা বুঝি রে। কালে কালে বয়স তো আর কম হল না! সেই যে ইউরো ফাইনালে হারের কথা বলছিলাম। তোর চেয়ে মাত্রই দু–‌বছরের বড় ছিলাম তখন। তবুও তো তোর বিরাট সান্ত্বনা আছে, নেশনস লিগের আগেই, গত বছর, ইউরো দিয়েছিস দেশকে। আমাকে যা পেতে ২০১৬ পর্যন্ত, মানে নিজের একত্রিশ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। তা–‌ও আবার সেই ফাইনালে আমি সাত–‌আট মিনিটের পর থেকেই দর্শক। দিমিত্রি পায়ে–‌র ট্যাকলে চোট পেয়ে চোখের সামনে যেন বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে মনে হয়েছিল। কতটা কেঁদেছিলাম, তোরা ইউটিউব–‌বেবি, ইন্টারনেটে চাইলেই দেখে নিতে পারবি।‌ তোর হতাশা কম হবে সতেরয় ইউরো জিতে ফেলেছিস বলে। আমাদের যন্ত্রণাটা বোঝার বয়স এখনও হয়নি তোর।

স্নেহের পরামর্শ দিই দুটো। এক, মনের আনন্দে খেলবি, যেমন খেললে তোর ভাল লাগবে সেভাবেই। আর দুই, মাঠে কোনও প্রতিপক্ষ যদি এক–‌দু’‌বার পেরিয়ে বা বোকা বানিয়ে চলে যায়, হতাশ হবি না। এই দ্বিতীয় পরামর্শের কারণ, ফাইনাল থেকে দ্বিতীয়ার্ধে তোর হঠাৎ হারিয়ে–‌যাওয়া, আমাদের নুনো মেনদেস তোকে দুবার পেরিয়ে যাওয়ার পর। আমাকে গোলের পাসটা বাড়ানোর সময়, আক্রমণ শুরু করেছিল নুনো তোর পাশ থেকে ছিটকে বেরিয়েই। তুই যেন নিভে গেলি দপ্ করে। দৌড়লি না আর তারপর। হারিয়ে ফেললি স্বাভাবিকতা। কেন?‌

পারলে আমাদের সময়ের এল ক্লাসিকোগুলোর ভিডিও দেখিস। তখন আমার বয়স কম। ফিটনেস দুরন্ত। তোর বার্সেলোনায় তখন আমাকে আটকানোর দায়িত্বে থাকত দানি (‌আলবেস)‌। আমিও অমন ছিটকে বেরতাম। আর একবার পেরিয়ে গেলে আমাকে ধরা যেত না তখন। দানি কিন্তু অদ্ভুত নাছোড়বান্দা। পাঁই পাঁই করে ছুটে আসতে পেছন পেছন। কখনও বা কাট করে ভেতরে ঢুকে আসত, বক্সের মাঝখানে আমার বাড়ানো বলটা আটকাতে। আবার কখনও পেছনে ছুটে আসতে আসতেই শরীরে ঢুকে ট্যাকল করত, পা ছুড়ে দিত। বয়স আর একটু বাড়লেই তুই বুঝবি, ছেড়ে দেওয়া যায় না। ফুটবল এমনই, নিরন্তর চালিয়ে যেতে হয় চেষ্টা। আর শিখতে হয় প্রতি পদে। দাঁড়িয়ে পড়বি না কখনও, ছেড়ে দিবি না, হারিয়ে যাবি না।


ঠিক এক বছর পর বিশ্বকাপ। জানি না, সুস্থ থাকব কিনা, খেলতে পারব কিনা। চেষ্টা করব অবশ্যই। তুই, তোরাও চেষ্টা করবি। তোদের দেশের সঙ্গে আমার দেশের লড়াই তো বহুযুগের। শুনেছি, আমাদের পূর্বপুরুষরা যখন স্পেনে ঢুকেছিল, স্পেনীয়রা নাকি তাদের ঢুকতে দিয়েছিল সহজেই। যাত্রাপথে বাধা দেয়নি। তারপর আইবেরীয় উপদ্বীপের শেষ প্রান্তে যখন পৌঁছয় পর্তুগিজরা, তিন দিক সাগর দিয়ে ঘেরা ছিলই, চতুর্থ দিকটা বন্ধ করে দাঁড়িয়েছিল স্পেন। আমাদের ঘিরে দেওয়া হয়েছিল তিনদিকে জল দিয়ে। নেশনস কাপ ফাইনালে আমরাও তোদের শুরুতে ওভাবেই ওপরে উঠতে দিয়েছিলাম, আমাদের ডিফেন্সিভ থার্ডে। ভবিষ্যতেও হয়ত একই রকম করব। তত দিনে তোদেরও অভিজ্ঞতা বাড়বে আরও, শিখে যাবি কী করে সেই চক্রব্যুহ কেটে বেরতে হয়। সামনের বছরই হয়ত আবার দেখা হবে আমাদের, বিশ্বকাপের আসরে। আরও আকর্ষণীয় হবে সেই লড়াই। তত দিন এভাবেই খেলে যা, আমাদেরও মন্ত্রমুগ্ধ করে যা। 

সামনের ১৩ জুলাই তুই আঠের। শুভেচ্ছা রইল। ফাইনালের ফার্স্ট হাফ–‌এর পর তোর বন্ধু নিকো আমার জার্সিটা চেয়ে নিয়েছিল। দ্বিতীয়ার্ধে তাই অন্য জার্সি পরেছিলাম। ওই দিন ওই দ্বিতীয় জার্সিটা সই করে পাঠাব তোকে, বড় হওয়ার দিনের উপহার হিসাবে।

ভাল থাকিস, আশীর্বাদ নিস।

তোর পিতৃসম

ক্রিস্তিয়ানো


Sunday, June 8, 2025

কাশীনাথ ভট্টাচার্য / স্তব্ধতার গান


নয়ের দশকের প্রথমভাগ। ক্রীড়া সাংবাদিক হওয়ার পরীক্ষায় ৫০ নম্বরের প্রশ্ন। বিষয় — টেস্ট ম্যাচের প্রথম দিন। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে দিন শেষে দলের রান চার উইকেটে ১৮২। কোনও ব্যাটসম্যান ৫০ পেরননি। জুটিতেও একবারই সর্বোচ্চ ৫৮। পড়েছে চার উইকেট, বোলারদের কারও পাঁচ উইকেট নেওয়ার প্রশ্নই নেই। সর্বোচ্চ ৫০০ শব্দে ম্যাচ–রিপোর্ট লিখুন।

জানা হয়নি, প্রশ্নকর্তা ইউপিএসসি–র সিভিল সার্ভিসেস পরীক্ষার ‘এসে’ অংশের বিষয় নির্বাচন করে দিতেন কিনা, যেখানে ১২৫ নম্বরের প্রশ্নে হাজার থেকে বারোশো শব্দ লিখতে হত। আসলে, বাংলা মাধ্যমে পড়াশোনা করার পর সেই যে বন্ধু–অ্যাসপাইর‌্যান্ট ডব্লুবিসিএস পরীক্ষায় বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত থেকে ‘ভগবান যাহাকে তাঁহার বিচিত্র–সৃষ্টির ঠিক মাঝখানটিতে টান দেয়’ লাইনগুলো হুবহু তুলে দেওয়া হয় জানিয়েছিল, ছিটকে যাওয়া, সভয়। তারই ফলশ্রুতি সাংবাদিক হওয়ার চেষ্টা। কিন্তু, সেখানেও দেখা গেল সমস্যা এক, একই।
সুবিধা, তখন আমাদের পরীক্ষার হলে চেবানোর জন্য কলম থাকত! আজ হলে কীবোর্ড কী করে চর্বণ করতে হয়, শিখে নিতাম হয়তো। তখন দরকার পড়েনি, নিশ্চিন্তে কলম চিবিয়ে উপাদেয় সন্ধানে পেয়ে গিয়েছিলাম সুনীল গাভাসকারকে। প্রায় ১৭ বছর আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে যিনি ৬০ ওভার ব্যাট করে, ১৭৪ বল খেলে অপরাজিত থেকে প্যাভিলিয়নে ফিরেছিলেন ৩৬ রান নিয়ে। অস্বাভাবিক ‘স্লো’ ম্যাচ–রিপোর্টে সামান্য গতিসঞ্চার করেছিল স্মৃতিতে মাইক ব্রিয়ারলির উক্তি। ক্রিকেট–পত্রিকায় পড়েছিলাম বোধহয়, আদর্শ ওপেনিং জুটি সম্পর্কে ব্রিয়ারলির ভাষ্য। ‘সানি (গাভাসকার) আর জেফ্রি (বয়কট)। টস জিতে ওদের ব্যাট করতে পাঠাব। দিনের শেষে রান ১২০, বিনা উইকেটে। সানি ৮০ নট আউট, জেফ্রির ২০ আর ২০ রান একস্ট্রা।’ বাকিরা লাঞ্চ করে ম্যাটিনি শো দেখতে চলে যাবে কিনা, বলেননি!


দিনকাল সত্যিই অন্যরকম তখন। স্টিভ ওয়ার অধিনায়ক হতে দেরি আছে। ম্যাথু হেডেন, জাস্টিন ল্যাঙ্গারের ব্যাটে ‘দিনে তিনশো’ থিওরি জন্মায়নি। সৌরভ গাঙ্গুলির মস্তিষ্কেও গান থেকে গুলি ছোটাননি বীরেন্দ্র শেহবাগ। ‘৫০ ওভার মানে ৩০০ বল, প্রতি বলে এক রান করে নিলেই ৩০০, চার–ছয়ের দরকার নেই’, বব উলমারের অমর কৌশলও আসেনি, যা আমূল বদলে দিয়েছিল ক্রিকেট–‌দর্শন। জনতা সাদা পোশাকের নান্দনিকতায় এতটাই বিভোর, দৈনিক ৮৫–‌৯০৫ ওভারে সাত–আটটা চার পেলেই খুশি। একটাও ছয় হলে আলোচনায় উচ্ছ্বাস বাঁধনহারা। কাউন্টি ক্রিকেটের মাঠে মেমসাহেবের উলবোনা আর পোষ্যদের খেলা চলত, টেস্ট দেখতে দর্শক মাঠে আসতেন না, আবারও পাঁচদিনে অমীমাংসিত খেলা দেখতে না–‌চেয়ে।
প্রশ্ন অবশ্য থেকেই গিয়েছিল। খেলা মানে আরও জোরে, আরও দূরে, আরও দ্রুত। সিটিয়াস, অল্টিয়াস, ফর্টিয়াস। সেখানে এমন স্তব্ধতার গান শোনানো কেন? স্বাভাবিকতার সহজাত রাস্তা ছেড়ে পারফেকশনের প্রতিমূর্তি হতে চেয়ে অতিরিক্ত সতর্ক হয়ে–পড়া কি খেলার প্রাথমিক শর্তের বিরোধিতা নয়?
দিন–মাস–বছর যায়। চোখ থেকে মনে উঠে আসেন আন্দ্রে পিরলো। গতিময়তার সঙ্গে যাঁর কোনও সম্পর্ক নেই। কার্লো আনচেলোত্তি তাঁর নাম দিলেন ‘রেজিস্তা’। বিপক্ষের আক্রমণ শুষে নেবেন ব্লটিং পেপারের মতো, পেশাদার ফাউলের নোংরামি না করে। ঠিক সময়ে ঠিক জায়গায় থাকার সমার্থক হয়ে উঠলেন ইতালীয় পিরলো। এমনকী ভারতের ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়নের থেকেও ‘স্লো’, কিন্তু বিপক্ষ আক্রমণে যখন, চিন্তায় তঁার চেয়ে ‘ফাস্ট’ তো উসাইন বোল্টও নন!‌
এই ভাবনাই গড়ে দেয় তফাৎ। খেলার চূড়ান্ত শারীরিক বৈশিষ্ট্যগুলোর চেয়ে। বিশেষত দলগত খেলায়। সে ফুটবল হোক, হকি, বাস্কেটবল — সর্বত্র। অলিখিত ‘‌ক্যাপ্টেন’‌ থাকেন। তাঁর কাজই গতি কমিয়ে দেওয়া, নিজের নিয়ন্ত্রণে আনা। ফুটবলে বোঝা সহজ। বলপায়ে বাড়তি কয়েক সেকেন্ড, দেখতে হয়তো অপ্রয়োজনীয়। কিংবা কিছু উদ্দেশ্যহীন পাস, নিজেদের মধ্যে। ‘‌পজেশন’‌ ধরে রাখা নিয়ে আজকের ফুটবলে এত কথা!‌ পেপ গারদিওলার বার্সেলোনা যখন পজেশন–‌নির্ভর প্রেসিং খেলত, আক্রমণ মূল উদ্দেশ্য ছিল। এখন ইওরোপ ক্রমশ আত্মস্থ করে উদ্দেশ্যটা বদলে দিয়েছে নেতি–‌তে — বিপক্ষ যাতে আক্রমণ করতে না–‌পারে!‌ স্বাভাবিক, বল যদি নিজের পায়ে থাকে, বিপক্ষ আক্রমণে আসবে কী করে?‌ তাই মিডল থার্ড অঞ্চলে গারদিওলার সিটি পাসের পর পাস খেলে যার এক ও একমাত্র উদ্দেশ্য বল পা–‌ছাড়া না করা, বিপক্ষকে খেলার সুযোগ না–‌দেওয়া। বহু মাঠেই বিপক্ষের দর্শক বিদ্রুপ করেন। পজেশন ধরে রাখার এই অকারণ পাসিং যা খেলার গতি নষ্ট তো করেই, ব্যহত হয় খেলার উদ্দেশ্যও, যা সবসময় এগিয়ে যেতে বলে। নেতিবাচক না হলেও যা কখনও ইতিবাচক নয়।


আসলে, শাবি এরনানদেজ–‌এর মতো ‘‌শ্লথ’‌ কেউ না থাকলে যে এমন যুগান্তকারী ভাবনাও ‘‌গতি’‌ পায় না!‌ তিনি লিওনেল মেসি নন, একা বলপায়ে দৌড়ে বিপক্ষকে মাটি ধরাবেন না। আন্দ্রেস ইনিয়েস্তাও নন, যাঁর ‘‌অ্যাক্সিলারেশন’‌ বা বলপায়ে হঠাৎ গতি–‌বাড়ানো অতুলনীয়। শাবির গুরুত্ব বেশি, কারণ, মেসি–‌ইনিয়েস্তাদের সেই গতি বা হঠাৎ–‌গতি বাড়ানোর সুযোগ করে দিতেন। বল পেয়ে নিজের অক্ষের চারপাশে তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাওয়া, ওই এক সেকেন্ড বা সেকেন্ডের ভগ্নাংশে থমকে যেত ফুটবল। বিপক্ষ যে–‌গতিতে আক্রমণে আসতে চেয়েছিল, যেন ‘‌কমা’‌ পড়ল। যতিচিহ্নের ব্যবহার, ফুটবল–‌মাঠে।‌
খেলার সদাচলমান বৈশিষ্ট্যের সঙ্গেই সহাবস্থান শ্লথতার, অদ্ভুত বৈপরীত্যে। মানু ভাকেরকে পারি অলিম্পিকে দেখছিলাম, পকেটে বাঁহাত ঢুকিয়ে দাঁড়ালেন। ডানহাতে পিস্তল তুলে আস্তে আস্তে ওঠালেন হাত। ১০ বা ২৫ মিটার দূরে টার্গেট। অদ্ভুত সোজা হাত লক্ষ্যে স্থির হল। কিন্তু, ট্রিগার টানছেন না কেন?‌ অপেক্ষা সেকেন্ড ছাড়িয়ে মিনিটের কাঁটায়। আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাধারণত ষাটটা শট নিতে হয় পিস্তল–‌শুটারদের, ৭৫ মিনিটে। ‘‌টাইম প্রেসার’‌। অবাক হয়েই দেখছিলাম, পাশের প্রতিযোগীরা যতক্ষণে কুড়ি–‌বাইশটা ‘‌শট’ নিয়ে ফেলেছেন, মানুর তখন দশ‌–‌এগার। সবচেয়ে বড়, অন্যরা অন্তত পাঁচবার ট্রিগার টেনে ফেলার পর শুরু করতেন মানু!‌ ওই যে হাত–‌সোজা করে দাঁড়িয়ে থাকা, মানুর মতোই থেকে গিয়েছে এই দর্শকের মনেও। তাঁর যত্ন, তাঁর প্রস্তুতি, তাঁর ভালবাসা। ১২–‌১৫ শটের পর পিস্তল হাত থেকে নামিয়ে রেখে পেছনে ফিরে গ্যালারিতে কোচ যশপাল রানাকে খোঁজা, চোখের ইশারায় কথা একটা–‌দুটো। পাশেই ছিলেন যশপাল, দেখছিলাম তাঁকেও, হাতটা বুকের সামনে উঁচু করে অভয় দিয়ে যাচ্ছেন শুধু। সেই হাতের ভাষাকে শব্দ দিলে ‘‌শান্ত হও, আরও শান্ত, লক্ষ্যে স্থির থাকো, ব্যস’। ব্রোঞ্জ পেয়ে মানু এসে বলেছিলেন, রোজ সকালে গীতাপাঠ আবশ্যিক করেছেন তাঁর কোচ, আর যোগাভ্যাস। ‘‌কম্পিটিশন’‌ নয়, যে–‌অভ্যাসে মন শান্ত হয়। যে খেলার যা!‌
মানুর খেলার সঙ্গে না হয় ওতপ্রোত জড়িত মনের শান্তি, শেষে যা নিয়ন্ত্রণ করবে তাঁর হাতের নড়াচড়া। কিন্তু বরিস বেকার?‌ তাঁর তো নামই ছিল ‘‌বুমবুম’‌!‌ খেলতেনও চিরন্তন একাকীত্বের প্রতীক যে–‌খেলা — টেনিস। বেকারকে সার্ভিস করতে দেখেছেন নিশ্চয়ই। মনে না পড়লে ইউটিউবে গিয়ে আবারও দেখতে পারেন। কী অদ্ভুত প্রশান্তি!‌ বলবয়ের হাত থেকে বল পেলেন। দাঁড়ানোটা দেখুন। আম্পায়ার ‘‌সাইলেন্স’ বলেছেন বা বলেননি। বেকার হঠাৎ হারিয়ে গেলেন জগৎসংসার থেকে! মাথা নীচু, কয়েক সেকেন্ড। প্রস্তুতির ওই যত্নটুকু। বাঁহাতে বল তুললেন আকাশে, ডানহাতে উঠল র‌্যাকেট। সংযোগে বলের ছিটকে যাওয়া নেটের ওধারে। প্রতিক্রিয়া তো তারপর, আগের এই প্রক্রিয়া যখন তিনি ‘‌বুমবুম’‌ সত্তাকে সম্পূর্ণ অস্বীকার করে নিজেকে নিবিষ্ট করছেন, তাঁকে নিয়ে গিয়েছিল সর্বকালের সেরাদের তালিকায়। মার্টিনা নাভ্রাতিলোভাকেও দেখেছি, অবিকল একই রকম। ওই এক পলকের একটু দাঁড়ানো, থমকে–‌থাকা। খেলায় সাফল্যের অন্যতম শর্ত।
ধীরতা–‌স্থিরতার এই কমা–‌সেমিকোলনগুলোই খেলার বাক্যকে করে তোলে চূড়ান্ত গতিশীল, যত্ন–‌ভালবাসার যতি–‌তে। যেমন পদ্যের মাঠে শক্তি চট্টোপাধ্যায়।
                                    ** প্রকাশিত, রোববার, সংবাদ প্রতিদিন, ৮ জুন ২০২৫